গানের বিনিময়ে পয়সার জন্য ছুটবেন না: কনকচাঁপা

‘শিল্পীকে খুব ভালো মানুষ হতে হয়। শিল্পীদের ভুল নিয়ে সাধারণ মানুষ খুবই বিচলিত থাকেন। তাঁরা শিল্পীদের ভালো মানুষ হিসেবে দেখতে ভালোবাসেন। এই ভালোবাসার মূল্য অনেক। তাই ভুল কাজ করা থে‌কে বিরত থাকুন। সামান্য ভুলে আকাশচুম্বী জনপ্রিয় স্টারের নামধাম ধুলায় মিশে যাওয়ার উদাহরণ হাজার হাজার আছে।’

কথাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনকচাঁপার। কণ্ঠশিল্পী হতে আগ্রহীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকা।

কণ্ঠশিল্পী হতে চাওয়া অনেকেই কনকচাঁপার কাছে বিভিন্ন সময়ে কিছু উপদেশ শুনতে চেয়েছেন। তাঁর মতে, ‘আমি আসলে উপদেশ দেওয়ার মতো কেউ নই, তবে লম্বা সময়ে গানের সঙ্গে কাজের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলা যেতেই পারে।’

কনকচাঁপা বলেন, ‘শিল্পী হতে আগ্রহী মানুষটিকে অবশ্যই গান ধারণ করার মতো কণ্ঠ থাকতে হবে। একজন সম্যক জ্ঞানসম্পন্ন গানের ওস্তাদের কাছে গান শিখতে হবে ধৈর্যের সঙ্গে, নিয়ম মেনে। বাংলা ভাষার উচ্চারণ, বানান, প্রক্ষেপণ পরিষ্কার হওয়ার মতো শিক্ষা থাকতে হবে বা সেই শিক্ষা নিতে হবে। ভেবে দেখেন, আমাদের দেশের নামকরা শিল্পীরা কখনোই তাঁর গানে গ্রামের ভাষা টেনে আনেন না। তাল বুঝতে হবে। তালকানা কখনোই গাইতে পারে না।’

যাঁরা শিল্পী হতে আগ্রহী, তাঁদের অসীম ধৈর্যশক্তি নিয়ে এ পথে নামার অনুরোধও করেছেন কনকচাঁপা। শুধু তা-ই নয়, শিল্পী পেশা অন্য পেশার চেয়ে আলাদা, পয়সার হিসাব না করে তালের লয় মাত্রা বুঝলে বেশি উপকার হবে বলে মনে করেন তিনি। কনকচাঁপা বলেন, ‘শিল্পীকে নিজের সঙ্গে, নিজের পেশার সঙ্গে অসম্ভব সৎ থাকতে হবে। কোনো রকম ওজর-আপত্তি ছাড়াই রেওয়াজ করতে হবে। শরীরের সুস্থতা অনেক বড় করে দেখতে হবে। বিনোদনকারী, গায়ক, কণ্ঠশিল্পী, শিল্পী—এগুলো একেকটা বিভাগের। আপনি কোনটা হবেন, তার ফোকাস আপনাকেই করতে হবে।’

LEAVE A REPLY