সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে যান। শনিবার বেলা দুইটায় সমাবেশ শুরু হবে। এদিকে সমাবেশস্থলে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা সমবেত গান ও স্লোগানে রাত কাটাচ্ছেন।
সমাবেশস্থলে পৌঁছে মির্জা ফখরুল উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন, উৎসাহ দেন তাঁদের। এর আগে তিনি রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন।






