ইতালির চিরসবুজ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমরা চক্রের শেষ মাথায় পৌঁছে গেছি।’
পিএসজিতে এক মৌসুম কাটিয়ে ২০১৯ সালে জুলাইয়ে ‘তুরিনের বুড়ি’দের ডেরায় ফেরেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক। জুনে জুভেন্টাসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ইতালি জাতীয় দল থেকে ২০১৮ সালে অবসর নেওয়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই গোলরক্ষকের।
যে বয়সে অনেকে কোচিং মনোযোগ দেন কিংবা অন্য পেশা বেছে নেন, বুফন সে বয়সে আগলে যাচ্ছেন দলের গোলপোস্ট। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে ৭ ম্যাচ খেলে ৩ ম্যাচে কোনো গোল হজম করেননি বুফন।
দলকে এবার কোপা ইতালিয়ার ফাইনালে উঠতেও সাহায্য করেছেন জুভেন্টাসে প্রথম মেয়াদে ১৭ বছর কাটানো এ গোলরক্ষক। ১৯ মে কোপা ইতালিয়ার ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে জুভেন্টাস—প্রিয় ক্লাবের হয়ে এটাই হবে সম্ভবত বুফনের শেষ ম্যাচ।
সিরি ‘আ’তে টানা ৯ মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ইন্টার মিলানের সঙ্গে আর পেরে ওঠেনি জুভেন্টাস। শুধু কী তাই, চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনেও লড়াই করতে হচ্ছে আন্দ্রেয়া পিরলোর দলকে।
৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে জুভেন্টাস। মৌসুম শেষে ক্লাব ছাড়ার প্রসঙ্গে বিইন স্পোর্টসকে বুফন বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে আগেই ভেবে রেখেছি। জুভেন্টাসের সঙ্গে এই দীর্ঘ ও সুন্দর অভিজ্ঞতা বছর ফুরোলেই শেষ হবে। হয় আমি অবসর নেব কিংবা যদি খেলার মতো প্রেরণা পাই, নতুন অভিজ্ঞতার সুযোগ থাকে—তাহলে ভেবে দেখব।’






