সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েক সদস্য দেশ ছেড়েছেন

মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েক সদস্য দেশ ছেড়েছেন। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তাঁরা দেশ ছাড়লেন।

আজ বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অভিবাসন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার তাঁরা একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন। আজ তাঁদের দেশ ছাড়ার কথা।

জানা গেছে, ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টার দিকে রওনা দেয়। এটির গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।