নির্মম একটা দিনই কাল কাটিয়েছে বাংলাদেশ। ডানেডিনে প্রথম ওয়ানডেতে কিছুই পক্ষে যায়নি। ব্যাটিং ছিল ছন্নছাড়া—১৩২ রানে অলআউট হয়ে তো আর লড়াইয়ের আশা করা যায় না। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তাই আরও একটি ‘ভুলে যাওয়া’র স্মৃতিই যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটে। আজ ক্রাইস্টচার্চে পৌঁছে সবকিছু নতুন করে শুরু করার আকুতিই থাকল সবার মধ্যে। দলের প্রতিনিধি হয়ে সেটি জানিয়েছেন শেখ মেহেদী হাসান। তিনি মনে করেন ডানেডিনে যে বাংলাদেশকে সবাই দেখেছে, দলটা আসলে তেমন নয়।
ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেছেন, ‘আসলে আমাদের দলটা এমন নয়। ওটা একটা বাজে দিন ছিল। আমরা কেউই ভালো করতে পারিনি। সুতরাং এটা আমরা ভুলে যেতে চাই।’






