দেশে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরুর চার দিন চলছে। সাধারণ মানুষের করোনার টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। তারকারাও করোনার টিকা নিচ্ছেন। চতুর্থ দিনে টিকা নিলেন দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস। এর আগে দেশের শিল্পীদের মধ্যে কারও টিকা নেওয়ার খবর পাওয়া যায়নি। জেমসের টিকা নেওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি সূত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, জেমস নিজে উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন। কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজেই উদ্যোগী হয়েছেন টিকা নেওয়ার বিষয়ে। তাঁর মতে, দেশের সব নাগরিকেরই করোনার টিকা নেওয়া জরুরি।






