সিটির ড্রয়ের রাতে আবারও হার চেলসির

দুই দলের লক্ষ্য ছিল অভিন্ন। ওয়েস্ট ব্রমের মতো পুঁচকে দলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দল কয় গোল দিয়ে জেতে, এটাই আলোচনার বিষয় ছিল ম্যাচের আগে। ওদিকে দুদিন আগেই এভারটনের বিপক্ষে হেরে আসা চেলসি অপেক্ষায় ছিল জয়ের ধারায় ফিরে আসার জন্য। শেষ পর্যন্ত দুই দলের কেউই জিততে পারেনি। ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি, ওদিকে চেলসি আবারও হেরে বসেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

নিজেদের ম্যাচে অবশ্য ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর কল্যাণে এগিয়ে গিয়েছিল চেলসিই। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে জার্মান স্ট্রাইকার টিমো ভের্নারের কাটব্যাক আয়ত্তে এনে বাঁ প্রান্ত থেকে ওভারল্যাপ করা ইংলিশ লেফটব্যাক বেন চিলওয়েল ডি-বক্সে নিখুঁত এক ক্রস পাঠান। আদর্শ স্ট্রাইকারের মতো দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান জিরু। উলভসের পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও প্রায় আটকেই দিয়েছিলেন শটটা, কিন্তু তাঁর হাতের ফাঁক গলে বল গোললাইন পেরিয়ে যায়। এগিয়ে যায় চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা জিরুর অষ্টম গোল। চলতি মৌসুমে বর্ষীয়ান জিরুর চেয়ে বেশি গোল অন্য কোনো চেলসির তারকার নেই।