যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত কোম্পানির সংখ্যা ১ লাখ ৭৬ হাজার, যার মধ্যে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন–ধারী কোম্পানির সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার। এর মধ্যে মাত্র ৩৬ হাজার কোম্পানি প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে আজ শনিবার ‘অর্থ আইন ২০২০ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ শীর্ষক অনলাইনভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) সদস্য আলমগীর হোসেন এমন তথ্য দিলেন। নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের আহ্বান জানান তিনি।
কর্মশালায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা করোনাকালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) টিকিয়ে রাখতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। একই সঙ্গে ছোট ব্যবসায়ীদের বাজারে প্রবেশে সুযোগ করে দেওয়ার জন্য কাঁচামাল আমদানিতে অগ্রিম কর হ্রাসের প্রস্তাব করেন তাঁরা। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।






