শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা মাহাদী হাসান পিয়ালের মা। ঠিক ১০ দিন আগে এই অভিনেতা করোনায় তাঁর বাবাকে হারান। মা–বাবার সংস্পর্শে থেকে এই অভিনেতা ও তাঁর বোন দুজনের শরীরে করোনার লক্ষণ কিছুটা দেখা দিলেও তাঁরা করোনা নেগেটিভ। তাঁরা এখন নিজ বাসাতেই আছেন।
‘মূলত নিউমোনিয়ার কারণেই মায়ের এমনটা হয়েছে। মা ধকলটা সহ্য করতে পারেননি। মাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই বেশি অসুস্থ হতে থাকেন। পরে আজ সকাল পৌনে দশটার দিকে মারা গেছেন।’
এ সময় তিনি তাঁর মা–বাবার জন্য দোয়া চান। তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। তাঁকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ তাঁর অবস্থা খারাপ হয়ে ১৬ জুন তিনি মারা যান। তাঁর বাবার সেবা করার জন্য সার্বক্ষণিক তাঁর মা পাশে ছিলেন। যে কারণে তিনিও করোনায় আক্রান্ত হন। ১৭ জুন থেকে তাঁর মাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মায়ের টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে।





