ইউরোকে চোখ রাঙাচ্ছে করোনা

বিশ্বের নানা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের আকাশে দেখা দিয়েছে সংশয়ের মেঘ

বিশ্ব এখন করোনাভাইরাসের ঝুঁকিতে। চীনে মহামারির রূপ নিয়েছে এটি। দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা দেশে। ভাইরাসটি প্রভাব ফেলছে বিশ্বের নানা ক্রীড়া সূচিতেও। এখন তো ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের আকাশে দেখা দিয়েছে সংশয়ের মেঘ।

১২ জুন রোমে ইতালি-তুরস্কের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ১২টি দেশের ১২টি শহরে হতে যাওয়া এই প্রতিযোগিতা শুরু হতে বাকি আর ঠিক ১০০ দিন। সবকিছুই ঠিকঠাক আছে। তারপরও একটা প্রশ্ন থাকছে—২০২০ ইউরো সময়মতো হবে তো?

প্রশ্নটা উঠেছে করোনাভাইরাসের কারণে। ইউরোর সবচেয়ে বেশি ম্যাচ হবে যে দেশে, সেই ইতালি পড়েছে করোনাভাইরাসের কবলে! গত পরশু পর্যন্ত ৫২ জন মারা গেছে ইতালিতে। আক্রান্তের সংখ্যা দুই হাজারেরও বেশি। এ অবস্থায় গত সপ্তাহে সিরি ‘আ’র বেশির ভাগ ম্যাচই স্থগিত করা হয়েছে। যেমনটা করা হয়েছিল এর আগের সপ্তাহেও।

সুইজারল্যান্ডেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ জন। সতর্কতা হিসেবে দেশটির শীর্ষ দুই লিগের সব ম্যাচ ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে যেখানে ঘরোয়া প্রতিযোগিতাই বন্ধ, সেখানে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয় কী করে!

উয়েফা অবশ্য এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। তবে করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে সংস্থাটি। গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘ফুটবলের চেয়ে মানুষের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ ফিফা সভাপতির এ কথাই প্রতিধ্বনিত হয়েছে উয়েফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলসের প্রধান নির্বাহী জোনাথান ফোর্ডের কণ্ঠে।