নুরুলদের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতাকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।

তিন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশের নেতা আল মামুন, ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।

শাহবাগ থানা-পুলিশ এই তিন আসামিকে ঢাকার আদালতে হাজির করে প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

রিমান্ড আবেদনে বলা হয়, ২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বুলবুল গ্রুপের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। রাষ্ট্রপতিকে টেলিনরের উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যাওয়ার পথে ডাকসুর সামনে ভিপি নুরুল হকসহ অন্যদের সঙ্গে মঞ্চের নেতা-কর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এ অবস্থায় নুরুল তাঁর সহযোগীদের নিয়ে ডাকসু ভবনে ঢোকেন। তখন এই তিন আসামিসহ ৩০ থেকে ৩৫ জন ডাকসু ভবনের ভেতর ঢোকেন। তাঁরা নুরুলসহ অন্যদের লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। এতে ভিপি নুরুল, মামুন, রাশেদ, ফারুক, মেহেদী ও ফারাবীরা গুরুতর আহত হন। একপর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা সেখান থেকে চলে যান। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।