করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দীর্ঘ হচ্ছে। তবে শিক্ষা বোর্ডগুলো এখনো সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেওয়ার পক্ষে। এ জন্য এসএসসির প্রশ্নপত্র ছাপা এবং ফরম পূরণের কাজও প্রায় শেষ। এইচএসসির প্রশ্নপত্র প্রণয়নের কাজও চলছে। এরপরেও যদি করোনার সার্বিক পরিস্থিতি পরীক্ষা না নেওয়ার মতো হয়, তাহলে বিকল্পভাবে মূল্যায়নের প্রাথমিক চিন্তাও আছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তা, পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনে আরও অপেক্ষা করা উচিত। কারণ, পরীক্ষা ছাড়া মূল্যায়ন করলে শিক্ষার্থীদের ওপর সামাজিক প্রভাব যেমন পড়ে, তেমনি শিক্ষার্থীদের পরবর্তী সময়ে চাকরিসহ বিভিন্ন কাজেও সমস্যা হতে পারে।