২৮ লাখ কোটি টাকা এ দেশ থেকে চুরি হয়েছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে। শিল্প খাতকে বাঁচাতে কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় সার কিনে তা ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। দেশে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ জেঁকে বসেছিল। অর্থনীতিতে বৈচিত্র্য আসেনি।

আজ বুধবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ মন্তব্য করেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেন। নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘২০০৭ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে আমাদের বিচার বিভাগ স্বাধীন হলো। এ স্বাধীনতা আমাদের কতটুকু উপকার করেছে, এটা ভেবে দেখা দরকার।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্বেতপত্রে এসেছে, ২৮ লাখ কোটি টাকা এ দেশ থেকে চুরি হয়েছে। এ জন্য কি ১০০ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ৩০০ প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দায়ী নন? এ প্রশ্ন তোলার এখনই সময়।

নৈতিকভাবে সবাইকে উঁচু অবস্থানে উঠতে হবে মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশটা আমাদের সন্তানদের জন্য গড়তে হবে। কিন্তু দেশের মধ্যে একটা সময় নানা কিছু ঘটল। যে বয়ানটা ছিল, সেটা আমরা বিশ্বাস করেছিলাম। আমরা অনেকেই নিশ্চুপ ছিলাম। কিন্তু কিছু বাচ্চা ছেলে প্রতিবাদ করল। পরে জনতাও যোগ দিল। পরিবর্তন এল। এখন আমরা যদি আবার গতানুগতিকভাবে একই জিনিসের চর্চা করি, দক্ষতার মূল্যায়ন না করি, তবে এটি গ্রহণযোগ্য হবে না।’