২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

‘চোট লাগে দিলে’ বলে একটা গান আছে।

ব্যালন ডি’অর না পাওয়ায় এমন চোটই লেগেছে ভিনিসিয়ুস জুনিয়রের। ব্রাজিলিয়ান এই উইঙ্গার ২০২৪ ব্যালন ডি’অর না পাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদও। আর সেটা এতটাই যে এখন থেকে আগামী কয়েক মাস ব্যালন ডি’অর নিয়ে কোনো কথাই উচ্চারিত হবে না রিয়াল মাদ্রিদে। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার ভাষায়, ‘রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর যেন নিষিদ্ধ কিছু।’ফুটবল–বিশ্বে যে দুটি ব্যক্তিগত পুরস্কার সবচেয়ে মর্যাদাবান বলে বিবেচিত হয়, তার একটি ব্যালন ডি’অর। এ বছরের পুরস্কারটি দেওয়া হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পুরস্কারটি ভিনিসিয়ুস নয়, রদ্রি পাচ্ছেন জানার পর রিয়াল মাদ্রিদ প্যারিসের ব্যালন ডি’অর অনুষ্ঠানই বয়কট করেছিল। সেই ঘটনার দুই মাস পরও এর রেশ থেকে যাওয়ার কারণ ফিফা দ্য বেস্ট।গত সপ্তাহে ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জিতেছেন ভিনিসিয়ুস। কাতারের দোহায় আন্তমহাদেশীয় কাপ খেলতে গিয়েছিল রিয়াল, সেখানেই আয়োজিত ফিফা দ্য বেস্টে মহাসমারোহে অংশ নেয় স্প্যানিশ ক্লাবটি। ভিনিসিয়ুস ফিফা দ্য বেস্ট জেতায় নিজের উচ্ছ্বাস যেমন প্রকাশ করেন, তেমনি তাঁকে ‘নিচে টেনে নামানোর অপচেষ্টা’ নিয়েও কথা বলেন।