চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে তাদের কোভিড-১৯ টিকা বাজারে আসবে। তবে এ টিকার দাম সম্ভাব্য অন্য করোনাভাইরাসের টিকার চেয়ে অনেক বেশি হবে। ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এ সপ্তাহে চীনের একটি সংবাদপত্রকে সিনোফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউ জিংহেন বলেছেন, সিনোফার্ম আশা করছে, তাদের প্রতি ডোজ টিকার দাম কয়েক শ ইউয়ান হবে। তবে দুই ডোজের টিকার দাম এক হাজার ইউয়ান (১৪৫ মার্কিন ডলার) বা ১২ হাজার ২৯৭ টাকার কম হবে। যদিও এ দাম খুব বেশি নয়, তবে বাজারের সম্ভাব্য অন্য প্রতিদ্বন্দ্বী টিকাগুলোর চেয়ে অনেক বেশি দামি।






