হারিয়ে গেছে সিডি, কপিরাইটে সোচ্চার

নবাবপুর, পাটুয়াটুলী থেকে মগবাজারে

১০ বছর আগে যাঁরা ঢাকার পাটুয়াটুলী ও নবাবপুর এলাকায় গেছেন, তাঁরা আজ সেখানে গেলে চিনতে একটু কষ্টই হবে। একদম বদলে গেছে চারপাশ! এখন আর এখানে নেই গানের বাজার। অথচ বছর দশেক আগেও সারা বছরই এখানে শোনা যেত গানের আওয়াজ। এখানে পথে চলতে গেলে ভেসে আসত নতুন কাগজের গন্ধ। এলাকার ভবনগুলোর দেয়ালে থাকত নতুন অ্যালবামের পোস্টার। ঈদ এলে এখানে রীতিমতো উৎসব লেগে যেত। দেশের অডিও বাজার নিয়ন্ত্রণ হতো এই এলাকা থেকে।

এখন এসব অঞ্চলের দেয়ালে দেয়ালে নেই নতুন অ্যালবামের পোস্টারের ছড়াছড়ি, নেই শত শত ক্যাসেট কিংবা সিডি। নেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানেরও কোনো কার্যালয়। কয়েক বছর আগে যেখানে ছিল শুধু ক্যাসেট–সিডির দোকান, এখন সেখানে মোবাইল, মেমোরি কার্ড, ঘড়ি—এমনকি বিরিয়ানির দোকান। মূলত গানের বাজারের পাটুয়াটুলী, নবাবপুরের রাজত্ব এখন মগবাজারে ।কার্যক্রম ছোট পরিসরে চলছে।

ভাইরালে কাতর গানের বাজার

 ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘অপরাধী’ কিংবা ‘আমি তো ভালা না’, ‘টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে’, ‘ও টুনির মা’—এগুলো গেল ১০ বছরের আলোচিত গানের অন্যতম। এর মূল কারণ, এই কবছরে গানের বাজার পুরোপুরি ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে গেছে। এই সময়ে গানের মান বিচার হয়েছে সংখ্যায়। ‘ভিউ’ শব্দটি এখন যেন পরিপূরক হয়ে গেছে সংগীতাঙ্গনে।

জনপ্রিয় শিল্পীদের অ্যালবাম নেই

১০ বছর আগেও গানের বাজারে সমকালীন জনপ্রিয় শিল্পীদের সক্রিয় উপস্থিতি ছিল। সৈয়দ আব্দুল হাদী থেকে শুরু করে হাবিব ওয়াহিদ, সাবিনা ইয়াসমীন থেকে ন্যান্‌সি প্রমুখ শিল্পী বছর শুরু করতেন নতুন গান দিয়ে, যা গানের বাজারে ইতিবাচক ভূমিকা রাখত। গত ১০ বছরে জনপ্রিয় শিল্পীদের বেশির ভাগরই কোনো একক অ্যালবাম করেননি।

ব্যান্ডের অ্যালবাম নেই, কনসার্ট কমে গেছে

এ কবছরে জনপ্রিয় ব্যান্ড তারকাদের উল্লেখ করার মতো কোনো মিশ্র অ্যালবাম বাজারে আসেনি। ব্যান্ড অ্যালবামের সংখ্যাটা প্রায় শূন্যের কোঠায়। এ ছাড়া দলগুলোর মিশ্র অ্যালবামও তেমন প্রকাশ পায়নি। একই সঙ্গে কমে গেছে উন্মুক্ত কনসার্টের সংখ্যা। প্রাতিষ্ঠানিক উদ্যোগ বা জাতীয় কোনো দিবস ছাড়া বিগত ১০ বছরে তেমন কনসার্ট হতে দেখা যায়নি। অল্প কিছু আয়োজনের মধ্যে ‘জয়বাংলা কনসার্ট’, ‘শেকড়ের সন্ধানে, ‘বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান’, ‘নো ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ ছাড়া আর অন্য কোনো আয়োজন তেমন সাড়া ফেলতে পারেনি।