সৌম্য সরকারকে বিপিএলেও শুরুর কয়েকটি ম্যাচে রংপুর রাইডার্স

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের ডান হাতের তর্জনীতে ৫টি সেলাই পড়েছে। অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই ওপেনার। সেন্ট কিটসে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট লাগে সৌম্যের। আগামীকাল তৃতীয় ম্যাচে তাকে নিশ্চিতভাবেই পাচ্ছে না বাংলাদেশ। বিপিএলেও শুরুর কয়েকটি ম্যাচে এই বাঁহাতি ব্যাটারকে পাবে না রংপুর রাইডার্স। 
বাংলাদেশের বোলিং ইনিংসের ৬ষ্ঠ ওভারের ঘটনা এটি। তানজিম হাসান সাকিবের গুড লেন্থের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যের ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠেন সৌম্য। সেই আঘাতে আঙ্গুলে পাঁচটি সেলাই পড়েছে তার।
এরপর দ্রুত সৌম্যকে হাসপাতালে নেয়া হয়। এই ধরনের আঘাতে সুস্থ হতে কমপক্ষে চার সপ্তাহ লাগে। তবে সৌম্যের আঙ্গুলের এক্স-রে রিপোর্টের পর বোঝা যাবে, তার সর্বশেষ অবস্থা। যদিও এটা নিশ্চিত সৌম্য লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন।

এতে করে চলতি সিরিজের শেষ ম্যাচে তো খেলা হচ্ছেই না আর আগামী ৩০শে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল’র শুরুর দিকেও খেলা হচ্ছে না সৌম্যের। এবারের আসরে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
বিসিবি’র বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, বলেন, ‘সৌম্য ডান হাতের তর্জনী আঙ্গুলে চোট পেয়েছে, তাকে পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচ শেষে এক্স-রে করার পর তার আঙ্গুলের একটি জয়েন্ট নড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে তার।’ 
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লীগে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রান আসে সৌম্যের ব্যাট থেকে। এরপর প্রথম টি-টোয়েন্টিতে করেন ৩২ বলে ৪৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পাননি। ১৮ বলে ১১ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। সৌম্যের ইনজুরিতে পড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বিপিএলে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সোম্য। তাকে নিশ্চিতভাবেই মিস করবে রংপুর।