জনি বেয়ারস্টো ডাগআউটে বসে একবার হেলমেট পরছিলেন, জস বাটলার একটা ছয় মারলে সেটি আবার খুলে মৃদু হাসছিলেন। ঠিক যেন বুঝতে পারছিলেন না এ ম্যাচে তাঁর আর ব্যাটিংয়ে নামতে হবে কি না! ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৬ রান তুলে ফেলে ইংল্যান্ড। জেসন রয়ের আউটের পর বাটলারের সঙ্গে জুটি বাঁধেন ডেভিড ম্যালান। ৯ ওভারের মধ্যে ৯৭ রান তুলে ফেলে এউইন মরগানের দল।৯.১ ওভারে ম্যালান আউট হয়ে যান। বেয়ারস্টোকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে হয়েছে। তবে ইংল্যান্ডের জিততে কোনো অসুবিধাই হয়নি। বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে কোনো পাত্তা না দিয়েই ম্যাচটি ৮ উইকেটে জিতেছে তারা। তা–ও আবার ৫০ বল হাতে রেখে। বাটলার ম্যাচ শেষে অপরাজিত ছিলেন ৩২ বলে ৭১ রান করে। ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫টি করে চার ও ছয়ে। বেয়ারস্টো ১১ বলে করেছেন অপরাজিত ১৬ রান (২টি ছয়)। এর আগে ওপেনার রয় আউট হয়েছেন ২০ বলে ২২ রান করে। ম্যালান করেছেন ৮ বলে ৮ রান।






