লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

তিন দিন আগে হাসপাতালে ভর্তি হওয়া লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দিতে হচ্ছে না, জ্বরও নেই। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে এমনটাই জানালেন তাঁর জামাতা সাজ্জাদুর রহমান।

করোনা পজিটিভ হওয়ার পর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন ফরিদা পারভীন। গত সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান বলেন, ‘দুই দিন ধরে অবস্থা ভালোর দিকে। কোভিড–১৯–এর অন্য কোনো উপসর্গ নেই। তবে এখনো নেগেটিভ রিপোর্ট আসেনি। তবে আমার শাশুড়ির কিডনি সমস্যা আছে, সেটারই ট্রিটমেন্ট চলছে।’