রোমান্টিক থ্রিলার ও কমেডি ধাঁচের গল্প নিয়ে ‘কানামাছি‘

কখনো নীল সমুদ্রের পাড় ধরে, কখনো সবুজ পাহাড়ের গায়ে বা আঁকাবাঁকা পথে হাত–ধরাধরি করে হাঁটছেন তাঁরা। নয়তো নাচছেন বা গাইছেন নিবিড় ও নকশি। পথে পথে এভাবে রোমান্স ছড়িয়ে ফিরছেন দুই তরুণ। কিন্তু কারা এই নিবিড় ও নকশি?
অভিনেতা ইমনের চরিত্রের নাম নিবিড় আর নকশি চরিত্রের অভিনেত্রী সূচনা আজাদ। নতুন একটি সিনেমার শুটিংয়ে এভাবেই সময় পার করছেন দুজন। কক্সবাজার ও বান্দরবানের দৃষ্টিনন্দন সব জায়গায় চলছে গানের দৃশ্যায়ন। কলকাতার শিল্পী অনুপম রায়ের গাওয়া একটি রোমান্টিক গানের দৃশ্যে অভিনয় করছেন তাঁরা। গানটি থাকবে অঞ্জন আইচের নতুন সিনেমা ‘কানামাছি’তে।
‘কানামাছি’ ছবির শুটিং শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। কক্সবাজারে চার দিনের শুটিং শেষ করে ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবানের পাহাড়, ঝরনা ও অরণ্যের মনোরম সব লোকেশনে হয়ে গেল শুটিং। রোববার বিকেলে মুঠোফোনে ইমনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি গানের শুটিংয়ে বান্দরবানের এক পাহাড়ে।শুটিংয়ের অনুভূতি জানিয়ে রোমাঞ্চিত ইমন বলেন, ‘কী যে সুন্দর একটা জায়গায় আছি আমরা, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে, নীল আকাশের কাছে চলে এসেছি। পাহাড়ের উঁচু থেকে তাকালে দেখা যায়, চারদিকে সবুজ আর সবুজ। পাহাড়ি পথগুলোতে হাঁটলে মন আনন্দে ভরে যায়। এমন সুন্দর সুন্দর সব জায়গায় শুটিং করছি আমরা।’ এই অভিনেতা জানান, গানের শুটিংয়ে আনন্দ হয়েছে আরও অনেক বেশি। তিনি বলেন, পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীর ধারে শুটিং হচ্ছে। খুব ভালো কাটছে সময়গুলো।
রোমান্টিক থ্রিলার ও কমেডি ধাঁচের গল্প নিয়ে ‘কানামাছি’ ছবির কাহিনি।