রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ

ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামে। একবার ঝুঁকছিল বাংলাদেশের দিকে। তো ফের ঝুঁকে যাচ্ছিল ভারতের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ হয়ে যায় টাই। তবে রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত। রিপন মন্ডলের দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা। তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারের প্রথম বলে বাংলাদেশও হারায় ইয়াসি আলীর উইকেট। দ্বিতীয় বলে আকবর আলী কোনো রান নিতে না পারলেও ভারতীয় বোলার সুয়াশ শর্মার দিয়ে ফেলেন ওয়াইড। অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয়বারের মতো নাম লিখে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে।