রাষ্ট্রায়ত্ত সংস্থা এখন ১৮৪ কোটি টাকার ঋণখেলাপি

শুধু বেসরকারি কোম্পানি নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোও এখন ঋণখেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-এর তথ্য অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কাছে আটটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এখন ঋণখেলাপি। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ১৮৪ কোটি টাকা।

মোট ৪৯টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে যেসব সংস্থা ঋণখেলাপি, সেগুলো হলো বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ বস্ত্রকল করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ টি বোর্ড (বিটিবি), বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি), বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি), বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বিজেএমসির। সংস্থাটি ১৩১ কোটি ৩০ লাখ টাকার খেলাপি। এর বাইরে বিটিএমসির ২৪ কোটি ৯০ লাখ, বিএডিসির ২১ কোটি ২৭ লাখ ও বিটিবি ৪ কোটি ৬২ লাখ টাকার ঋণ খেলাপি। আর বিসিআইসি, বিএসএফআইসি, বিআরটিসি ও টিসিবি মিলে খেলাপি ঋণের পরিমাণ ৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে রেকর্ড ১ লাখ ৮২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এ খেলাপি গ্রাহকেরা মূলত বেসরকারি খাতের। সরকারি সংস্থার খেলাপি ঋণের তথ্য বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় প্রতিবছরই তুলে ধরছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

ঋণখেলাপির বিষয়ে জানতে চাইলে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘এগুলো অনেক পুরোনো ঋণ এবং শ্রমিকদের নেওয়া কিছু ঋণও বিটিএমসির ঘাড়ে এসেছে। আমরা চেষ্টা করছি সুদ বাদ দিয়ে শুধু আসল পরিশোধ করে বিষয়টা নিষ্পত্তি করার। ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করা হবে।’