প্রথমে রিজান হোসেন করলেন দারুণ এক সেঞ্চুরি। এরপর বল হাতে চমক দেখালেন সামিউন বাসির রাতুল। তাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে চারে নামা রিজান খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস। তার ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছয়। রিজানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ার পথে ৮৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকী। জাওয়াদ আবরার করেন ৪০। তাতে ৪৯.২ ওভারে ২৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস।






