যত ক্ষতি বিমান পরিবহন খাতের

করোনার কারণে প্রথমেই যেসব খাতে ভয়াবহ প্রভাব পড়ে, তার মধ্যে বিমান পরিবহন সেবা অন্যতম। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) নভেম্বরে বলেছে, বিমান খাতে করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ২০২০ সালে ১১ হাজার ৮৫০ কোটি ডলার ও ২০২১ সালে ৩ হাজার ৮৭০ কোটি ডলার ক্ষতি প্রাক্কলন করা হয়েছে। আর জুনে সংস্থাটি করোনার কারণে বৈশ্বিক বিমান শিল্প খাতে ১০ হাজার কোটি ডলারের ক্ষতি হওয়ার পূর্বাভাস দিয়েছিল।

আইএটিএর পূর্বাভাসে বলা হয়, ২০২০ সালে বিশ্বে মোট বিমানযাত্রীর সংখ্যা কমে ১৮০ কোটিতে নেমে আসবে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৪৫০ কোটি। এ ছাড়া বিদায়ী বছরে যাত্রীসেবা থেকে বিমান সংস্থাগুলোর আয় ৬৯ শতাংশ কমে হবে ১৯ হাজার ১০০ কোটি ডলার। তবে আগামী বছরে বিমান শিল্প খাত ঘুরে দাঁড়ালে যাত্রীসংখ্যা বেড়ে অন্তত ২৮০ কোটি হতে পারে বলে আশা আইএটিএর।