বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে।
বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের টেকসই উত্তরণের কৌশল বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান তিনি।বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
গভর্নর বলেন, আমরা এখনো ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা পুরোপুরি পুনরুদ্ধার করতে পারিনি। তবে চলমান সংস্কার কার্যক্রমে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। ইতোমধ্যে কিছু ইতিবাচক ফলাফল দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে পাঁচ মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রেখেছে। মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে ১২.৫ শতাংশ থেকে ৮.৩ শতাংশে নেমে এসেছে।






