মার্কিন সেনাবাহিনীর কাছে অগমেন্টেড রিয়েলিটি হেডসেট বিক্রি করবে মাইক্রোসফট। এ জন্য আগামী ১০ বছরে মার্কিন প্রতিষ্ঠানটি ২ হাজার ১৯০ কোটি ডলার পাবে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।
সেনাবাহিনীর জন্য তৈরি হেডসেটগুলো মাইক্রোসফটের হলোলেন্স-নির্ভর। এতে গগলসের কাচের ভেতর দিয়ে সামনেটা যেমন দেখা যায়, পাশাপাশি কাচে হলোগ্রাম প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত তথ্য দেখতে পাবেন সৈনিক।
চুক্তি অনুযায়ী ১ লাখ ২০ হাজারের বেশি হেডসেট তৈরি করবে মাইক্রোসফট। আর সেগুলো তৈরি হবে যুক্তরাষ্ট্রেই। গতকাল বুধবার ঘোষণাটি আসার পর মাইক্রোসফটের শেয়ারদর ৩ শতাংশ বেড়ে যায়।
অগমেন্টেড রিয়েলিটি
ভার্চ্যুয়াল রিয়েলিটির সঙ্গে অগমেন্টেড রিয়েলিটির খানিকটা তফাত রয়েছে। ভার্চ্যুয়াল রিয়েলিটি যেমন ব্যবহারকারীকে সম্পূর্ণ নতুন এক জগতে নিয়ে যায়, অগমেন্টেড রিয়েলিটিতে তেমন নয়। ব্যবহারকারীর দৃশ্যপটে নতুন তথ্য বা ছবি যোগ করা হয় এতে। যেমন ব্যবহারকারী হয়তো সংসদ ভবন দেখছেন, এমন সময় তিনি সে ভবন সম্পর্কে বিস্তারিত বিবরণ পেতে পারেন ঠিক চোখের সামনেই। অর্থাৎ ‘হেডস-আপ ডিসপ্লে’ বা হলোগ্রাফ দেখতে পান হেডসেট পরিধানকারী।






