বিয়ের পিঁড়িতে নিশিতা বড়ুয়া

প্রায় ১০ বছর আগে তাঁদের পরিচয়। দীর্ঘ এই সময়ে তাঁদের মধ্যে ছিল না কোনো প্রেম। পরিচয়ের পর থেকে তাঁদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিল। সে সম্পর্ক বিয়েতে গড়াবে, সেটা ধারণাই করতে পারেননি গায়িকা নিশিতা বড়ুয়া। পরিচয়ের এই দীর্ঘ সময়ে গায়িকার কাছে মনে হয়েছে, তাঁর পছন্দের মানুষটি ভালো। এটা বিয়ের পিঁড়িতে বসার একমাত্র কারণ।
গতকাল গায়েহলুদ পর্ব শেষ হয়েছে নিশিতার। কাল ২৪ ফেব্রুয়ারি এই গায়িকার বিয়ে। বরের পরিচয় জানতে চাইলে তিনি প্রশ্ন করেন, তাঁর নাম দিয়ে এখনই কী হবে। আমরা তো বিয়ে করিনি। বলেই হাসলেন তিনি। পরে জানালেন, বরের নাম দীপঙ্কর বড়ুয়া। তিনি একজন ব্যাংকার। তিনি ঢাকার বাসাবোতে থাকেন। তাঁদের ১০ বছরের সম্পর্ককে প্রেম বলতে নারাজ এই গায়িকা। পরিচয়ের পর থেকেই তাঁরা একে অন্যের নাম ধরে ডাকতেন। নিশিতা বড়ুয়া জানান, আজকাল প্রেমের যে ট্রেন্ড চলছে, সে রকম প্রেমের সম্পর্ক তাঁর কারও সঙ্গেই ছিল না। তিনি খুবই কাটখোট্টা ধরনের মানুষ। তিনি খুবই কম কথা বলেন। তাঁরা একই কমিউনিটির হওয়ায় একে অন্যের সঙ্গে প্রথম দিকে হাই–হ্যালো সম্পর্ক ছিল।  তিনি বলেন, ‘আমি সব সময় নিজেকেই বেশি সময় দিয়েছি। নিজেকে নিয়েই মগ্ন থাকতাম। এ জন্য আমাকে দিয়ে প্রেমটা হয়নি। আগে থেকেই জানতাম হবে না। আমার বিয়েটাও শেষ পর্যন্ত প্রেমে হচ্ছে না।’ এ জন্য তিনি আগে থেকেই বলে রাখলেন, তাঁদের মধ্যে বিয়ের আগে তেমন উপহার লেনদেন হয়নি।