কম সময়ে এজেন্ট ব্যাংকিং সেবায় বড় সফলতা দেখিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। দুই বছরে এজেন্টদের মাধ্যমে ব্যাংকটি প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। দেশে আর কোনো ব্যাংক এজেন্টদের মাধ্যমে এত ঋণ দিতে পারেনি। সেবাটি প্রথম চালু করা ব্যাংক এশিয়া এই সময়ে ঋণ দিয়েছে ৫১৭ কোটি টাকা।
বিশ্লেষকেরা বলছেন, ব্যাংকিং সেবার সফলতা এখন আর শুধু হিসাব খোলা, আমানত সংগ্রহ ও ভাতা বিতরণে সীমিত থাকা উচিত নয়। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতেও জোর দিতে হবে। এ জন্য প্রয়োজন গ্রাম পর্যায়ে ব্যাংকঋণ ছড়িয়ে দেওয়া। এতে গ্রামীণ উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি মহাজনি প্রথাও ধীরে ধীরে বিলুপ্ত হবে। এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক যথেষ্ট সফলতা দেখিয়েছে।
এদিকে বিদায়ী ২০২০ সালে সার্বিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবায় বড় প্রবৃদ্ধি হয়েছে। এই বছরে আমানত ১১২ শতাংশ ও ঋণ ৩২৪ শতাংশ বেড়েছে। একই বছরে এজেন্ট ও আউটলেটের সংখ্যাও বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আর অ্যাকাউন্ট বা হিসাবসংখ্যা বেড়েছে ৯১ শতাংশ।
দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় ২০১৪ সালে। তখন থেকে এখন পর্যন্ত এই সেবায় ঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৮৯৩ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালের অক্টোবরে এজেন্ট ব্যাংকিং চালু করা ব্র্যাক ব্যাংক একাই এ পর্যন্ত দিয়েছে ১ হাজার ৭০ কোটি টাকা। ঋণ পেয়েছেন ১৮ হাজার ৪১৭ জন গ্রাহক। এই ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা।






