বিশ্বের বেশির ভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের জন্য উচ্চতর বেতনকাঠামো থাকলেও বাংলাদেশ ব্যাংকে উল্টো সুযোগ-সুবিধা কমানো হচ্ছে। আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে যোগদানের পর ‘বাংলাদেশ ব্যাংককে অ্যাপেক্স রেগুলেটরি বডি’ করার ঘোষণা দিয়েছেন; কিন্তু কর্মকর্তাদের সুযোগ-সুবিধা কমানো সেই ঘোষণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা।
এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এ অবস্থায় করণীয় নির্ধারণে আজ সোমবার বিকেল চারটায় মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল।
সভায় আলোচনার বিষয় উল্লেখ করে অফিসার্স কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সব সদস্যের কাছে এক পৃষ্ঠার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে সরকারি বিভিন্ন বিভাগ, প্রতিষ্ঠান বা বাহিনীর পদোন্নতিসহ সুযোগ-সুবিধা বাড়ানো হলেও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে তা কমানোর সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বর্তমান গভর্নর বাংলাদেশ ব্যাংককে অ্যাপেক্স রেগুলেটরি বডি হিসেবে প্রতিষ্ঠা করা অন্যতম লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।






