বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক সব সময় বড় মঞ্চের পারফরমার। ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, গুরুত্বপূর্ণ ম্যাচ এলেই তিনি জ্বলে ওঠেন। পরিসংখ্যানও কথা বলছে স্টার্কের পক্ষে। যেমন আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক।

বাংলাদেশ ওপেনার তানজিদ হাসানকে বোল্ড করে বিশ্বকাপে ৯৫ উইকেটের মালিক হয়েছেন স্টার্ক, যা ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে স্টার্ক ছাড়িয়ে গেছেন ৯৪ উইকেট নেওয়া শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে।ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে স্টার্ক ম্যাচ খেলেছেন ৫২টি। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ২৮। মাত্র ২৮ ম্যাচ খেলেই ওয়ানডে বিশ্বকাপে ৬৫টি উইকেট নিয়েছেন স্টার্ক। সেদিক থেকে স্টার্কের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড কিছুটা ম্লান। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টার্কের উইকেট ৩০টি, ম্যাচ খেলেছেন ২৪টি।মালিঙ্গা বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ৬০টি। ৯৪ উইকেটের মালিক মালিঙ্গা ৫৬টি উইকেট নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিঙ্গা উইকেট নিয়েছেন ৩৮টি। মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ৪ বছর আগে। ফলে উইকেট শিকারের এ লড়াইয়ে স্টার্ক এখন পুরোপুরি একা।