বাংলাদেশের আরও একটি হার

আমরা শিখছি,’ বিদেশের মাটিতে যেকোনো হারের পর বাংলাদেশি অধিনায়কেরা সচরাচর এই একটা কথাই বলেন। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচে হারের পরও অধিনায়ক লিটন দাস তাঁর পূর্বসূরিদের সুরেই কথা বললেন। এবারের সফর থেকে শিখে পরেরবার ভালো করার আশ্বাস দিলেন তিনি।

আজ অকল্যান্ডে বৃষ্টির কারণে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ১০ ওভারের ম্যাচে পরিণত হয়। ১৪১ রানের পাহাড় গড়ার জন্য নিউজিল্যান্ডের এটাই যথেষ্ট ছিল। ওই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ আবার অলআউট ৭৬ রানে। ১০ ওভারের ম্যাচে ৬৫ রানের বিশাল জয়! কিউই অধিনায়ক টিম সাউদিও হয়তো এতটা প্রত্যাশা করেননি। এক সফরে বাংলাদেশকে স্বাগতিকেরা ‘তিন ধরনের’ ক্রিকেটে হারানোর স্বাদ পেল। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা তো আসলে টি-টেন ফরম্যাটেই খেলল!