প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা

দেশে সোনার দাম আরও এক দফা বাড়ল। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ২৪৩ টাকা। তাতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন করে আবার সোনার দাম বাড়ানোর এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে পাঁচবার সোনার দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতে প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে যায়।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪ হাজার ২০৬ টাকা।