পরিবর্তনের ঢেউ লাগতে পারে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে

বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এরই মধ্যে পদত্যাগ করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস। অনেকের ধারণা পরিবর্তনের ঢেউ লাগতে পারে বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও। এমনও কৌতূহল আছে—বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন এলে প্রধান কোচ থাকবেন তো চন্ডিকা হাথুরুসিংহে?

শ্রীলঙ্কান এই কোচ অবশ্য পুরো বিষয়টিকেই দেখছেন পেশাদারি দৃষ্টিতে। রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ দলের অনুশীলন শেষে হওয়া সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালন করতে চাইব। তবে বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতেও সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

বাংলাদেশ দলের কোচ হিসেবে তাঁর চুক্তি আছে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে এ মুহূর্তে হাথুরুসিংহের সব মনোযোগ পাকিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু টেস্ট সিরিজের দিকে। তবে সে জায়গাতেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ছুঁয়ে যাচ্ছে কোচকে।

ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করে বাংলাদেশের মানুষকে অস্থির সময়ে কিছুটা স্বস্তি উপহার দেওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী হাথুরুসিংহে, ‘আমরা জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশাবাদী করার ক্ষমতা আছে খেলাধুলার। এ ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই সেটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মানসিকভাবে অনেক সাহায্য করবে।’