আহ কী উচ্ছ্বাস! নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমানের পা হয়ে বলটি যখন নেপালের জালে জড়াল, গ্যালারিতে নিচের বারান্দায় কান পাতা কষ্ট হচ্ছিল। শেষ কবে দেশের মানুষকে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে, মনে পড়ে না। নতুন স্বাভাবিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল এনে দিল সেই আনন্দ। এই উৎসবের রেণু হয়তো পৌঁছে গেছে দেশের আনাচে-কানাচেই।
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। করোনায় বিপর্যস্ত নেপালকে হারাতে পারবে তো বাংলাদেশ? আর এত দিন পর মাঠে নামা জামাল ভূঁইয়া কেমন খেলবে? দুটি প্রশ্ন ছিল এই ম্যাচ নিয়ে। দুটি প্রশ্নের উত্তর দারুণ ফুটবল খেলেই দিয়েছে। মুজিব বর্ষ দুই ম্যাচের ফুটবল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০১৫ সালে। নেপালকে ৫ বছর পর হারাল বাংলাদেশ।






