অনলাইনে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচনে ভোটারদের আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। আর তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত ফেব্রুয়ারি মাসে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই কারণে সম্প্রতি টিকটকে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। বর্তমানে বিভিন্ন দেশে অনুষ্ঠিত নির্বাচনে আকারে ছোট ভিডিওর পাশাপাশি ‘মিম’-এর ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিম হলো মূলত হাস্যকর ছবি, ভিডিও বা লেখার কনটেন্ট, যা মানুষকে বিনোদন দিয়ে থাকে। হাস্যরসের পাশাপাশি মিমে ব্যঙ্গও করা হয় অনেক সময়। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা সক্রিয়, তাঁদের কাছে ‘মিম’ শব্দটি খুবই পরিচিত।




