নতুন সরকার গঠিত হওয়ার পরও সেই পুরোনো চেহারা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। টানা দরপতন আর তীব্র তারল্য সংকটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাজার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পর সূচক ও লেনদেনে বড় ধরনের উল্লম্ফনে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও তা উবে গেছে। টানা দরপতনের কবলে পড়েছে বাজার। এর মধ্যে গতকাল রোববার একদিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২২৩ পয়েন্ট। শতকরা হিসাবে পতনের এই হার চার দশমিক ৪২ শতাংশ। আর এ পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ফের পাঁচ হাজার পয়েন্টে নেমে এসেছে।বাজার-সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই আস্থার সংকট বিরাজ করছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বাজারে নতুন করে গতি পাবেÑএমন প্রত্যাশা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এ কারণে বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটছে।






