গান নিয়ে নতুন সব পরিকল্পনা হাসান

গান নিয়ে নতুন সব পরিকল্পনা করছেন হাসান। নতুন করে ফেরার জন্য নিচ্ছেন বিশেষ প্রস্তুতিও। জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের মতো করে গোছাচ্ছি। ফিরতে চাই। গান নিয়ে আমার নিজের নানা রকম প্রস্তুতি ও পরিকল্পনা রয়েছে।’ নিয়ম করে নতুনদের গানও শোনেন হাসান। তরুণ ব্যান্ডগুলোর প্রতি বিশেষভাবে অনুরক্ত তিনি। নব্বই দশকের ব্যান্ডসংগীতের সেই ধারাকে এগিয়ে নিতে যাঁরা চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের অভিবাদন জানিয়েছেন হাসান।

হাসানের জন্ম চট্টগ্রামের হালিশহরে। স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি এখন বাস করছেন ঢাকায়। জন্মদিন কীভাবে কাটবে? জানতে চাইলে হাসান বলেন, ‘সবকিছু স্থবির। এখন কি আর জন্মদিন উদ্‌যাপন করার পরিবেশ আছে? বাড়িতে আছি, পরিবারের সবাই মিলে স্বাভাবিক নিয়মেই দিনটি কাটাচ্ছি। পৃথিবী ঠিকঠাক হয়ে গেলে হয়তো আবার ঘটা করে উদ্‌যাপন করব।’