চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন সংস্থা কেরু অ্যান্ড কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে। আগামী সোমবার থেকে তারা এটি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়বে। কয়েক দিন পর থেকে পুরোদমে তা বাজারে পাওয়া যাবে। তারা বিক্রিও করবে কম দামে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী আনছারী প্রথম আলোকে বলেন, ১৯৩৮ সাল থেকে কেরু উন্নতমানের স্পিরিট তৈরি করে। হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান স্পিরিট। এর সঙ্গে ডিস্টিলড্ ওয়াটার, রং ও ঘ্রাণ মেশালেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়। তিনি বলেন, ‘আমরা বেশ ভালো পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। দরকার ছিল বোতলের। সেটা তৈরি হয়ে কাল (রোববার) হাতে আসবে। সোমবার থেকে আমরা হ্যান্ড স্যানিটাইজার বাজারে ছাড়ব।’






