করোনায় আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী স্পর্শিয়া

করোনায় আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী স্পর্শিয়া। দ্বিতীয় দফা কোভিড পরীক্ষায় তাঁদের ফলাফল নেগেটিভ এসেছে।
করোনামুক্ত হয়েই দুজন একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। ‘ছক’ নামে একটি ওয়েব প্রযোজনায় আজ রোববার থেকে শুটিংয়ে নামছেন তাহসান ও স্পর্শিয়া। দুজনে অভিনয়ের মানুষ হলেও এবারই প্রথম ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াচ্ছেন। শুটিং শুরুর কথা ছিল আগেই; কিছু জটিলতায় তা পিছিয়ে যায়।
তাহসান বলেন, ‘আরও আগেই শুটিং শুরু করার কথা ছিল। স্পর্শিয়া আরেকটি কাজে ব্যস্ত ও অসুস্থ থাকায় শুরু করা যায়নি। পরে আমরা দুজন করোনায় আক্রান্ত হলাম। তাই পিছিয়ে যায়। তবে প্রস্তুতির জন্য বেশ সময় পাওয়া গেছে। বাসায় বসে চিত্রনাট্য পড়েছি। চরিত্রটি ভালো করে আয়ত্ত করার সুযোগ পেয়েছি।’ওয়েব প্রযোজনাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল। চলতি মাসের শুরুর দিকে ওয়েবভিত্তিক একটি প্রযোজনার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তাহসান ও তানজিন তিশা। হঠাৎ সেই শুটিং থেকে বিরতি নেন তিশা। পরে জানা যায়, তিশা করোনায় আক্রান্ত। একে একে ওই সেটের অভিনেতা তাহসান ও পরিচালক রাজ করোনায় আক্রান্ত হন। ১৮ অক্টোবর ছিল তাহসানের জন্মদিন। জন্মদিনের ঠিক আগের দিন করোনাভাইরাস থেকে মুক্ত হন তাহসান। হাতে পান করোনা নেগেটিভ হওয়ার রিপোর্ট।