কবরী নেই, থেমে আছে তাঁর শেষ ছবি এই তুমি সেই তুমির কাজ

প্রায় দুই মাস হতে চলল কবরী নেই। সেই সঙ্গে থেমে আছে তাঁর শেষ ছবি এই তুমি সেই তুমির কাজ। ছবিটার কী হবে তাহলে? ছবিটা কী অসমাপ্তই থেকে যাবে? ভক্তদের আশ্বস্ত করলেন প্রয়াত পরিচালকের ছেলে শাকের চিশতী। তিনি জানালেন, মায়ের ছবি এই তুমি সেই তুমির অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

গতকাল বুধবার শাকের চিশতীর সঙ্গে আলাপে জানা গেল, এই তুমি সেই তুমির পাঁচটি দৃশ্য ও কিছু প্যাচওয়ার্কের শুটিং বাকি রয়েছে। দুই দিন শুটিং করলেই হয়ে যাবে। এ ছাড়া ডাবিং, সম্পাদনা, আবহ সংগীত, রং বিন্যাসসহ শুটিং–পরবর্তী আরও কিছু কাজ এখনো বাকি।