কথার সত্যতা প্রমাণ করেছেন পালমার

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যান কোল পালমার। সে সময় যাঁরা বয়সভিত্তিক পর্যায়ে পালমারের খেলা দেখেছেন, তাঁদের অনেকেই এই দলবদলে বিস্ময় প্রকাশ করেছিলেন।

আগামী দিনের তারকা হিসেবে বিবেচিত হওয়া পালমারকে সিটির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই ভুল মনে হয়েছে। এক মৌসুম পার হওয়ার আগেই সে কথার সত্যতা প্রমাণও করেছেন পালমার।

মাত্র ৪ কোটি ৭০ লাখ ইউরোতে সিটি থেকে পালমারকে কিনেছিল চেলসি। গত মৌসুমে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা তারকা ছিলেন পালমার। ধুঁকতে থাকা চেলসিকে প্রায় একাই টেনেছেন পালমার। মৌসুম শেষ হতেই যার পুরস্কারস্বরূপ পালমারের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে দিল চেলসি। অর্থাৎ চেলসির সঙ্গে পালমারের চুক্তি এখন ২০৩৩ সালের জুন পর্যন্ত। ৯ বছর মেয়াদি এই চুক্তি এখন ফুটবলের সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তিও বটে।

স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে গত মৌসুমে ৪৫ ম্যাচে ২৫ গোল করেন পালমার। তবে পরিসংখ্যান দিয়েই পালমারের অবদানকে উপলব্ধি করা কঠিন। গত মৌসুমটা চেলসির জন্য ছিল বিভীষিকাময়। একের পর এক ব্যর্থতা দলটিকে একরকম কোণঠাসা করে দেয়। আর এমন বিভীষিকায় প্রশান্তি হয়ে এসেছিলেন পালমার।