৩০ বছর বয়সে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাডেলের। দীর্ঘদিন বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেননি তিনি। তবে এবারে অকপটে সব গোপন কথার ভাগ দিলেন। তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদের কারণে সন্তানকে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু আমি যদি এই পথ বেছে না নিতাম, আমার জীবনটা ছারখার হয়ে যেত।’ তিনি বলেন, ‘আমার ছেলেটার কত কত প্রশ্ন! প্রশ্নগুলো সুন্দর, নিষ্পাপ, অথচ সেসবের কোনো উত্তর আমার কাছে ছিল না, যেমন “তোমরা কেন একসঙ্গে থাকো না?” আমার মনে হয়েছিল, ওকে বিষয়গুলো বুঝিয়ে বলা প্রয়োজন যে কেন আমি নিজের সুখের জন্য তার জীবনটা এলোমেলো করে দিলাম। আমি প্রায়ই তাকে খুব কষ্ট দিয়েছি আর সেটা আমার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। জানতাম না কীভাবে এ ব্যথা আমি সারিয়ে তুলব।’





