পঞ্জিকার শাসন মেনে এবারও নতুন বছর আসবে। বাংলা ১৪২৬ সালের সূর্য ডুববে, হাসবে ১৪২৭ সালের সূর্য। আসবে পয়লা বৈশাখ। কিন্তু মানুষ মিলবে না রমনার বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ১৯৭১ সালের পর এবারই প্রথমবার বছরের প্রথম প্রহরে রমনার বটমূলে গান শোনাবে না ছায়ানট। গানে গানে করবে না নতুন বছরের বন্দনা।
চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রাও বের হবে না। বাংলা একাডেমিতে জমবে না বৈশাখী মেলা। হবে না সারা দেশে সাংস্কৃতিক জমায়েত। দেশের সাংস্কৃতিকসেবীরা বলছেন, মানুষ বাঁচলে ভবিষ্যতে অনেক পয়লা বৈশাখ উদ্যাপন করা যাবে। দেশের প্রধানমন্ত্রীও মানুষের কল্যাণে নববর্ষের সব আয়োজন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।






