আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সংগঠনের প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অধিকারকর্মীসহ ৩৫ জন অংশ নেন। মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করে।
আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ডিজিটাল নিরাপত্তা আর নাগরিকের ডিজিটাল স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ। দেশে ইন্টারনেট স্বাধীনতা ও ডিজিটাল অধিকারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম। ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে ব্যক্তিগত ও সামষ্টিক উভয় ধরনের হুমকি সম্পর্কে ব্যবহারকারীকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।




