কদিন আগে দলবদলের আর্থিক বিবরণীতে মিথ্যাচার করে ১৫ পয়েন্ট জরিমানার মুখে পড়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এবার একই ধরনের শাস্তি চোখ রাঙাচ্ছে বার্সেলোনাকেও। তবে শাস্তির মাত্রা বড় হয়ে লা লিগা থেকে অবনমিতও হয়ে যেতে পারে বার্সা।
কাতালুনিয়ার ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো (১৪ লাখ ইউরো) প্রদান করেছে তারা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এই অর্থ প্রদান করা হয়।১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত নেগ্রেরিয়া রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন। এসইআর কাতালুনিয়া রেডিওর দাবি, লা লিগায় একসময় রেফারির দায়িত্ব পালন করা নেগ্রেরিয়াকে তাঁর কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো দেয় বার্সেলোনা।






