আবারও আরেক্সটি সেতু ধসে পড়েছে

পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একটি সেতু ধসে পড়েছে। গতকাল রোববার রাতে নির্মাণাধীন সেতুটির পাঁচটি গার্ডার ধসে পড়ে। এলাকাবাসী সেতুটি ধসে পড়ার পেছনে ঠিকাদারের নিম্নমানের কাজকে দায়ী করছেন। তবে অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর একে স্রেফ দুর্ঘটনা বলছেন। আজ সোমবার সকাল থেকে ধসে পড়া সেতু দেখতে আশপাশের এলাকার লোকজন ভিড় করছেন।

সুনামগঞ্জ সওজ অধিদপ্তর সূত্র জানায়, সড়কের পাগলা পয়েন্ট থেকে জগন্নাথপুর উপজেলা অংশে ১১০ কোটি টাকা ব্যয়ে ৭টি পিসি (প্রিস্ট্রেসড কংক্রিট) গার্ডার সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে সওজ। এমএম বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুগুলোর কাজ করছে। সড়কের কোন্দানালা এলাকায় নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৫০ দশমিক ১২ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এক বছর ধরে সেতুর নির্মাণকাজ চলছে। আগামী ডিসেম্বরে সেতুর কাজ শেষ হওয়ার কথা।

প্রসঙ্গত, ভবনের ক্ষেত্রে যেমন বিম, সেতুর জন্য তেমনি গার্ডার। ভবন নির্মাণের ক্ষেত্রে কলামের ওপর বিম বসানো হয় আর গার্ডার বসানো হয় পিলারের ওপর। পিলার ও স্ল্যাবের মাঝখানে সাপোর্ট দেওয়ার জন্য এই গার্ডার বসানো হয়। মূলত ভার্টিক্যাল লোড নেওয়ার জন্য গার্ডার ব্যবহার করা হয়। সেতুর ওপর দিয়ে গাড়ি বা অন্যান্য পরিবহনের ভার বা লোড সামাল দেওয়াই গার্ডারের কাজ।