‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা’র প্রথম রাউন্ডেই চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ । কাল প্রথম রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে হারিয়েছে সবার নজর কাড়লেন নাসির। নাসির সাদা ঘুঁটি নিয়ে দীপের বিপক্ষে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধারায় খেলে ৯০ চালে এসে জয়ী হন।
বাংলাদেশ নৌবাহিনীর দাবাড়ু নাসির অবশ্য এর আগে একবার ঢাকায় মুখোমুখি হয়েছিলেন দীপ সেনগুপ্তের। সেবার হেরেছিলেন। কিন্তু কাল ঠিকই দীপকে হারিয়ে দিয়েছেন। নাসিরের ফিদে রেটিং ২১৮৫। আর দীপের ২৫২৭। এমন বড় মাপের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আত্মবিশ্বাসী নাসির, ‘গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করি জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখব। এভাবে খেলতে পারলে হয়তো আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্মটা এই টুর্নামেন্টেই পেয়ে যেতে পারি।’






