করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ধুঁকছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পথে ফ্লাইট ও যাত্রীসংখ্যা আশঙ্কাজনকভাবে কমার প্রভাব পড়েছে তাদের আয়ে। চলতি বছরের প্রথম আট মাসে ৫৪০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি।
বেবিচক সূত্র বলছে, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে আকাশপথ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। বহু বিমান সংস্থাকে কার্যক্রম গুটিয়ে নিতে হয়েছে। যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অর্ধেকের নিচে নেমেছে। এ অবস্থায় অন্যান্য দেশের মতো বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতও সংকটে পড়েছে।






