আইয়ুব বাচ্চু তাঁর রুপালি গিটার ফেলে গেছেন ছয় বছর পার হয়েছে। চট্টগ্রামের মানুষ আইয়ুব বাচ্চু ব্যান্ডের গানে সারা দেশের মানুষের প্রিয় হয়ে ওঠেন। দেশের বাইরের বাঙালিদের কাছেও ছিল তাঁর জনপ্রিয়তা। ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান তিনি। চট্টগ্রামে তাঁকে সমাহিত করা হয়। আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি সম্মান জানাতে মৃত্যুর এক বছর পার হওয়ার আগেই চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ‘রুপালি গিটার’ নামে স্মারক ভাস্কর্য নির্মাণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে ভাস্কর্যটি অযত্নে–অবহেলায় পড়ে ছিল। পরিষ্কার করা হয়নি তা। সচেতনতার অভাবে ভাস্কর্যের পুরো জায়গাটা ছিল অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আইয়ুব বাচ্চুর ভক্ত ও শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ মহসিনের উদ্যোগে গতকাল রোববার ভোরে রুপালি গিটারের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
‘রুপালি গিটার প্রাণের একটা বিষয়। সব সময় ওখানে গেলে তা দেখার চেষ্টা করি। অপরিষ্কার–অপরিচ্ছন্ন দেখার পর কষ্ট লাগে। এ–ও ভাবছিলাম, এটা পরিষ্কার রাখার দায়িত্ব কার? এরপর অন্যকে দোষারোপ না করে ভাবলাম, আমিই নাহয় উদ্যোগ নিই। তারপর এ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিই।’
কয়েক দিন আগে রুপালি গিটার পরিষ্কারে আহ্বান জানিয়ে মোহাম্মদ মহসিনের সেই ফেসবুক পোস্ট ছিল এ রকম, ‘আমরা সবাই খুবই পছন্দ করি এই রুপালি গিটারের সঙ্গে সেলফি তুলতে। আজকে ছবি তুলতে গিয়ে এই অবস্থা দেখে খুবই কষ্ট লাগল। এটা কার দায়িত্ব আমি জানি না, তবে আমি মনে করছি এটা আমারই দায়িত্ব। আগামী ৮ ডিসেম্বর সকাল ছয়টার সময় আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে হাজির থাকব জায়গাটা পরিষ্কার করার জন্য। আপনারাও আমন্ত্রিত।’






