চলন্ত ট্রেনে সন্তান জন্ম দেওয়া নবীয়া বেগম (৩৪) বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। নবীয়া ও তাঁর সন্তানকে বিনা ভাড়ায় বাড়ি পৌঁছে দিয়েছে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স।
বিদায়ের সময় হাসপাতালের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ প্রশাসনের পক্ষ থেকে নবীয়া ও নবজাতক ইব্রাহীমকে একগুচ্ছ ফুল, ডালাভর্তি ফল, বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ ও নতুন জামাকাপড় উপহার দেন। পাশাপাশি কেউ কেউ নবীয়া এবং তাঁর নবজাতককে কম্বল এবং নগদ অর্থ সহযোগিতা করেন।
আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, নবীয়া বেগম এবং তাঁর নবজাতক পুরোপুরি সুস্থ। পরপর চারটি সন্তান জন্ম দেওয়া নবীয়া শারীরিকভাবে দুর্বল। তাঁকে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ট্রেন বা বাসে যাওয়াটা নবজাতক ও মায়ের জন্য নিরাপদ না হওয়ায় হাসপাতাল প্রশাসন তাঁদের লালমনিরহাটের কালিগঞ্জের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। তিনি জানান, এ পর্যন্ত নবীয়া ও তাঁর সন্তানের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহযোগিতা মিলেছে। যাওয়ার সময় নবীয়ার সঙ্গে ছিলেন স্বামী ছকমাল আলী ও বড় ছেলে ইসলাম।
আজ সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবীয়া বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা এই মাত্র বাড়ি পৌঁছেছেন। তিনি ও নবজাতক সুস্থ।






